সকালের পর দুপুরে আবার রায়গঞ্জ শহরে ঘটল পথ দুর্ঘটনা। এবারে বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ কর্ণজোড়া ফাঁড়ির অন্তর্গত মিশন মোড় এলাকায়।
জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম জোশেফ টুডু (৫৭)। মঙ্গলবার দুপুরে বাসের ধাক্কায় পেশায় ভ্যান চালক জোশেফ টুডুর মৃত্যু হয়। এর পরেই উত্তেজিত জনতা ১০নং রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। এই অবরোধে পিছিয়ে ছিল না এলাকার মহিলারাও। তাদের অভিযোগ, ওই রাস্তা দিয়ে দ্রুতগতিতে গাড়ি ছুটে চলার কারণে প্রায় দিনই ছোট-খাটো দুর্ঘটনা ঘটতেই থাকে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তাঁদেরকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা। দুর্ঘটনা এড়াতে ওই এলাকায় স্পিড ব্রেকার বসানোর দাবী জানান বিক্ষোভকারীরা।
এবিষয়ে এলাকাবাসী অভিযোগ করে জানান, বিগত দিনে এই এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বহু মানুষের। পুলিশ-প্রশাসনকে জানানো সত্ত্বেও কোন সুব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।